Published : 19 Dec 2024, 10:59 PM
কন্টেইনারভর্তি পণ্য নিয়ে আবারও পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ইউয়ান শিয়াং ফা ঝাং’।
জাহাজটি ৮২৫ টিইইউ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার নিয়ে আগামী শনিবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মত জাহাজটি করাচি বন্দর থেকে সরাসরি বাংলাদেশের বন্দরে আসছে। আগেরবারের তুলনায় এবার বেশি সংখ্যক কন্টেইনার নিয়ে আসছে জাহাজটি।
সমুদ্রপথে নতুন এই সার্ভিস চালু করেছে দুবাইভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইন ডিএমসিসি‘। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সা লাইন্স লিমিটেড এই দেশে তাদের স্থানীয় এজেন্ট।
রিজেন্সা লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারও করাচি বন্দর হয়ে সরাসরি চট্টগ্রাম আসছে জাহাজটি। আগের চেয়ে এবারে কন্টেইনারের পরিমাণ বেশি।
“শনিবার নাগাদ এটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেটি বন্দরের জেটিতে ভিড়বে। কন্টেইনার নামানোর পর সেটি পুনরায় চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।”
পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল প্রথমবারের মত শুরু হয় গত নভেম্বরে। ‘এমভি ইউয়ান শিয়াং ফা ঝাং’ গত ১০ নভেম্বর করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে।
সেবার জাহাজটিতে করে ৩৭০ টিইইউ কন্টেইনার আনা হয়, যার মধ্যে ২৯৭টি আসে পাকিস্তানের করাচি বন্দর থেকে। আবার কন্টেইনার বোঝাই করে একদিন পরে জাহাজটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।
প্রথমবার সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, কাঁচ তৈরির উপাদান ভাঙা কাঁচ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেশিয়াম কার্বনেট, তৈরি পোশাকশিল্পের জন্য কাপড় ও রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ ও আলু আনা হয়েছিল করাচি থেকে।
এবারও দেশটি থেকে গার্মেন্ট শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য আনা হচ্ছে। তবে কী পরিমাণ পণ্য আনা হচ্ছে, তা জানা যায়নি।
নতুন এই রুটে বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের আগ্রহ রয়েছে মন্তব্য করে আনিস উদ দৌলা বলেন, “শুরুতে এই রুট একটি জাহাজ দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আরেকটি জাহাজ যোগ হতে পারে।”
পাকিস্তানের করাচি থেকে সরাসরি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এলেও জাহাজটি যাত্রা শুরু করে আরব আমিরাতের দুবাই থেকে। চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বেলোয়ার, মালয়েশিয়ার পোর্ট কেলাং, ভারতের মুন্দ্রা বন্দর হয়ে আবারও দুবাই যাবে এই জাহাজ।
আগে পাকিস্তান থেকে পণ্য এলেও চট্টগ্রাম বন্দরে সেসবের শতভাগ ‘কায়িক’ পরীক্ষার বাধ্যবাধকতা ছিল। পটপরিবর্তনের পর গত ২৯ সেপ্টেম্বর এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড সেই শর্ত তুলে দেয়।
পুরনো খবর:
ইউরোপের তিন রুট বন্ধ, চট্টগ্রাম-করাচি রুট টিকবে?
করাচি থেকে সরাসরি আসা জাহাজ দেখল চট্টগ্রাম