Published : 09 Oct 2023, 10:13 PM
ছাত্রজীবন থেকেই দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, “শুধুমাত্র পড়ালেখা করলেই বাস্তব জীবনে সফলতা অর্জন করা সম্ভব না। পড়ালেখার পাশাপাশি কারিগরি কোনও কাজ জানা থাকলে সফলতা অর্জন অনেকটা সহজ হয়। সেজন্য স্কুল জীবন থেকেই দক্ষতা অর্জন করতে হবে, যা পরবর্তীতে কর্মজীবনে কাজে আসবে।
“যেকোনও প্রতিষ্ঠান কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ ব্যক্তিকেই বেছে নেবে। তাই কর্মজীবনে সফলতা চাইলে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।”
সোমবার চট্টগ্রাম নগরীতে দুটি বিদ্যালয়ের ভবনে নির্মাণ কাজ উদ্বোধন ও অন্য একটি ভবনের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। সবার জন্য শিক্ষা যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য তিনি এতো অবকাঠামো নির্মাণ করছেন।
“প্রতি মাসে শিক্ষকদের এমপিও প্রদান করছে। আর তার সুফল সাধারণ জনগণ পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছেন।”
শিক্ষার্থীদের পড়ালেখার অতিরিক্ত চাপ দিয়ে তাদের সৃজনশীলতা নষ্ট না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান নওফেল।
এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ জন করে তিন প্রতিষ্ঠানের মোট ৩০০ শিক্ষার্থীকে ‘মেধা বৃত্তি’ প্রদান করেন।
সোমবার চট্টগ্রাম নগরীতে কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয় ও পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আঞ্চলিক অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের ছয়তলা ভবন উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিল আঞ্জুমান আরা।