১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যত্নবান হতে হবে: হাছান মাহমুদ

প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসায়ের মালিকানা অর্জনে বাংলাদেশিদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন হাছান মাহমুদ।

প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যত্নবান হতে হবে: হাছান মাহমুদ
সৌদি আরবের মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 04:50 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

তিরিশ লাখ সৌদি প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন এবং মহানবীর (সা.) রওজা জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছিলেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, "সৌদি আরবে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি আছেন। বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। তিরিশ লাখ প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যত্নবান থাকতে হবে।

"প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন। একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছুতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের নেতার পক্ষেও তা সম্ভব হয় না।"

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও নিতে পারেন। এছাড়া প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে,  যেখানে সহজে অ্যাকাউন্টও খোলা যায়। 

প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসার মালিকানা অর্জনে বাংলাদেশিদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন হাছান মাহমুদ।

"প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। সে যদি অপরাধ করে, তবে তার দেশের বদনাম হয়। সে কারণে বসবাসের দেশের আইন-কানুন মেনে চলা উচিত।"

সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলাম। 

সভায় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মদিনা প্রবাসী আনিসুর রহমান পলাশ, রাজু আহমেদ, এ কে এম আসগর আলি, মুসা আব্দুল জলিল, মোহাম্মদ লিটন, আব্দুল্লাহ আল মামুন,  মাহমুদ মিলন, মোশাররফ শিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাদা মহিউদ্দিনসহ আরো অনেকে।

হাছান মাহমুদ শুক্রবার সৌদি থেকে সরাসরি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরসঙ্গী হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।