Published : 05 May 2026, 09:36 PM
চট্টগ্রামে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে অ্যাম্বুলেন্সটি আটকে ইয়াবা উদ্ধার করা হয় বলে কোতোয়ালী থানার এসআই মনিরুল ইসলাম জানিয়েছেন।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- চালক শহীদুল ইসলাম খান (২৭) ও মো. আফসার (৩৩)। দুজনেই চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারির বাসিন্দা।
এসআই মনিরুল বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে আসতে পারে। এরপর বিকালে মেরিনার্স রোডে পুরাতন ফিশারিঘাটের মুখে একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে সেটি ইউটার্ন করে ফিশারিঘাট হয়ে পাথরঘাটার দিকে চলে যায়।
“তখন অ্যাম্বুলেন্সটিকে চারদিক থেকে ধাওয়া করলে ব্রিকফিল্ড রোডের কালভার্ট এলাকায় বাহনটি রেখে চালক ও তার সহকারী পালানোর চেষ্টা করেন। এসময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবার তথ্য প্রকাশ করেন।”
মনিরুল বলেন, “ইয়াবা পাচারের জন্য অ্যাম্বুলেন্সে আলাদা একটি সিলিন্ডার লাগানো হয়েছিল। তিনটি সিলিন্ডারের মধ্যে দুটিতে সিএনজি সংযোগ থাকলেও একটিতে ছিল না। খালি সিলিন্ডারটির ভেতর থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
পুলিশ বলছে, ইয়াবার চালান কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল।