১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিটি বেসরকারিকরণের প্রতিবাদে বন্দর শ্রমিক দলের অবস্থান ধর্মঘট পালন

কর্মসূচি থেকে বলা হয়, বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারিকরণ প্রক্রিয়ার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। 

বন্দরের এনসিটি বেসরকারিকরণ প্রক্রিয়ার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দর ভবনের সামনের গেইটে বিএনপিপন্থি শ্রমিক সংগঠনটি এ ধর্মঘট পালন করে। 

অবস্থান ধর্মঘটের সময় সমাবেশে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবীর বলেন, এনসিটি একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল। এ টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দিলে দেশের অর্থনীতি ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। 

“আর এই স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বন্দর কর্তৃপক্ষ বেসরকারিকরণের এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে শ্রমিক দল ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এম এ আজিজ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন, মার্চেন্ট শ্রমিক দলের সহ-সভাপতি মো. হোসাইন, যুগ্ম সম্পাদক ইয়াছিন রেজা রাজু।