২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন বজায় রাখুন: সালাহউদ্দিন

গণতান্ত্রিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 10:29 AM

দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার বিকালে নগরীর আলমাস মোড়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্রের শোভাযাত্রা‘ কর্মসূচির আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান। 

তিনি বলেন, ”বাংলাদেশে গণহত্যাকারীর আর কোনোদিন জায়গা হবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের, গণহত্যাকারীদের কোনো রাজনীতি চলবে না। যদি গণহত্যাকারীদের রাজনীতি চলে, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হবে। কোনো বিদেশি রাষ্ট্রের তাঁবেদারি এখানে চলবে না।”

দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সবাই সুশৃঙ্খল থাকুন। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম জারি রাখুন। যতদিন পর্যন্ত এ অর্ন্তবর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার ঘোষণা না দেয়, ততদিন এ আন্দোলন অব্যাহত থাকবে। 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। তাহলে এদেশের মানুষ আশ্বস্ত হবে এবং বাংলাদেশ সত্যিই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে।”

বিএনপি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। 

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব রাখেন।

সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর আলমাস মোড় হয়ে কাজীর দেউরী, লাভ লেইন, জুবিলি রোড়, নিউ মার্কেট, কোতোয়ালী হয়ে লালদীঘি  পাড়ে এসে শেষ হয়।