চট্টগ্রামে ইউএসটিসি হাসপাতাল এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার
ওসি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ভবন থেকে ওই তরুণী নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।”
চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতাল এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খুলশী থানার জাকির হোসেন সড়কের বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসের হাসপাতাল ভবনের সামনে থেকে শনিবার রাতে ২০ বছর বয়সী রীতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার সিডিএ মার্কেট সংলগ্ন নোয়াপাড়ায় থাকতেন রীতা।
খুলশী থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সংবাদ পেয়ে হাসপাতাল ভবনের সামনে একটি ড্রেনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ভবন থেকে ওই তরুণী নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তার মাথার মগজ বের হয়ে গেছে।”
রীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তবে কেন তিনি ওই এলাকায় গিয়েছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
