১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলীতে নিখোঁজ: একদিন পর লাশ মিলল দেড় কিলোমিটার দূরে

যাত্রীবোঝাই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে ধাক্কা খায়।

কর্ণফুলীতে নিখোঁজ: একদিন পর লাশ মিলল দেড় কিলোমিটার দূরে
ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা উল্টে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

কালুরঘাট সেতু এলাকায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর দেড় কিলোমিটার দূরে নির্মাণাধীন বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় এলাকায় তার লাশ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আশরাফ উদ্দিন কাজল (৫৩) নামের ওই ব্যক্তি পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালখালী উপজেলার পরিচালক। তার বাড়ি বোয়ালখালী পূর্ব গোমদণ্ডী গ্রামে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খবর দেন। আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশকে লাশ হস্তান্তর করা হবে।”

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় (শহর অংশ) থেকে বোয়ালখালী যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ফেরির সঙ্গে ধাক্কা খায়। তখন আশরাফ উদ্দিনসহ দুজন পানিতে পড়ে যান।

আরেকজন উঠে আসতে পারলেও নিখোঁজ হন আশরাফ। তাকে খুঁজতে শনিবার রাত পর্যন্ত ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। এরপর রোববার সকালেও তল্লাশি চালানো হয়। বিকালে নৌবাহিনীর ডুবুরি দলও নামে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহার উদ্দিন।

আশরাফ উদ্দিন কাজল।

আশরাফ উদ্দিন কাজল।

ফেরির সঙ্গে নৌকার ধাক্কা লাগার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সেখানে দেখা যায়, যাত্রীবাহী নৌকার সামনের অংশে চারজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। নৌকার ইঞ্জিন চালুর করার পরই দাঁড়িয়ে থাকা ফেরিতে গিয়ে ধাক্কা খায় নৌকাটি। এসময় সামনে থাকা দুজন পানিতে পড়ে যান।

নৌপুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, নৌকাটির যাত্রী আসনে যাত্রীরা বসে ছিল। কিন্তু কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।

“আমাদের ধারণা, শ্যালো ইঞ্জিন চালুর পর পেছনে পানির প্রয়োজন হয়। কিন্তু সামনের অংশে যাত্রী থাকায় ইঞ্জিনের পেছনে পানি পাওয়া যায়নি। ওই সময় স্রোত থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে গিয়ে ধাক্কা দেয়।” 

বোয়ালখালী উপজেলার সঙ্গে চট্টগ্রাম শহরের সংযোগ তৈরি করা কালুরঘাট রেল ও সড়ক সেতুটি সংস্কারের জন্য গত বছরের ১ অগাস্ট থেকে বন্ধ রয়েছে। ওই সময় থেকে যাত্রী ও যানবাহন পারাপারে কর্ণফুলীতে ফেরি চালু হয়।

পুরনো খবর-

চট্টগ্রামে নিখোঁজ নৌকাযাত্রীর হদিস মেলেনি

কর্ণফুলীতে ফেরির সঙ্গে ধাক্কায় নৌকা উল্টে যাত্রী নিখোঁজ