Published : 01 Jan 2026, 04:36 PM
জলাতঙ্ক মোকাবিলায় চট্টগ্রামে ১৫ হাজার কুকুরকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে এ নিয়ে একটি অ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়েছে।
জানতে চাইলে নগর সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলাতঙ্ক রোগ নির্মূলে নগরীর ৪১টি ওয়ার্ডে কুকুরকে ভ্যাকসিনেশন করা হবে। ২০২৩ সালের শেষে আমরা সাড়ে ১৩ হাজার কুকুরকে টিকা দিয়েছিলাম।
“এবার কুকুরের সংখ্যা যেহেতু বেড়েছে; তাই প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার। প্রয়োজনে টিকার সংখ্যা আরো বাড়ানো হবে।”
বৃহস্পতিবারের সভায় চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তথ্য অনুসারে, গত ৫ বছরে সেখানে জলাতঙ্কের টিকা নেওয়া রোগীর সংখ্যা বেড়েছে চারগুণ। চট্টগ্রামে সরকারিভাবে এ হাসাপাতালেই জলাতঙ্কের টিকা দেওয়া হয়।
এ হাসপাতালের তথ্য মতে, ২০২১ সালে সেখানে জলাতঙ্কের টিকা নিয়েছেন ৬ হাজার ৭০৯ জন। ২০২২ সালে টিকা নেয় প্রায় ৮ হাজার জন।
২০২৩ সালে ১৪ হাজার ৩৩০ জন এবং ২০২৪ সালে প্রায় ২৪ হাজার জন এ টিকা নিয়েছেন।
সবশেষ ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ২৬ হাজার জন টিকা নেয়। গত ৫ বছরের টিকা নেওয়াদের সিংহভাগই কুকুর ও বিড়ালের কামড় ও আঁচড়ে আক্রান্ত। এছাড়া অল্প কিছু সংখ্যক ব্যক্তি অন্য প্রাণীর কামড়ে জলাতঙ্ক আক্রান্ত হয়।
নগর সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা বলেন, “ঢাকা থেকে স্বাস্থ্য বিভাগের টিম এসে পরিদর্শন করেছে আগে। তাদের পরামর্শে কুকুরদের টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই টিকা দেওয়া হবে।”
বৃহস্পতিবারের সভায় অন্যদের মধ্যে ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।