১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন

বিক্ষোভকারীরা ভবনের সামনে খালি জায়গায় রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 04:03 AM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ থেকে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দিয়েছে একদল মানুষ। 

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর ষোলশহর এলাকায় চশমা হিলের মেয়র গলিতে যান বিক্ষুব্ধরা। 

বাড়িটিতে থাকতেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, হাদির মৃত্যুর খবর আসার পর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সেখান থেকে এক দল লোক গিয়ে চশমা হিলের বাসায় ভাংচুর চালায়। 

পরে তারা ভবনের সামনে খালি জায়গায় রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়ে বায়েজিদ স্টেশনের একটি গাড়ি রওনা করে। বিক্ষোভের কারণে সেটা পৌঁছাতে পারছে না।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ষোলশহর দুই নম্বর গেইট মোড়ো জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা।

সেখান থেকে একদল খুলশীতে ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের দিকে রওনা করে। অপর একটি দল  নগরীর ষোলশহর চশমা হিলের মেয়র গলিতে বিক্ষোভ দেখায়।