২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সাইকেল ট্র্যাক পাচ্ছে চট্টগ্রাম

প্রাথমিকভাবে পতেঙ্গার ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটাইরফ্লাই পার্ক পর্যন্ত দুই কিলোমিটার অংশে এই সাইকেল ট্র্যাক করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

চট্টগ্রাম নগরীর প্রথম সাইকেল ট্র্যাক হচ্ছে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডে।

প্রাথমিকভাবে পতেঙ্গার ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটাইরফ্লাই পার্ক পর্যন্ত দুই কিলোমিটার অংশে এই সাইকেল ট্র্যাক করা হবে।

বুধবার বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, "পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

"রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, রাস্তার দুইপাশে চলাচলের জন্য দৃষ্টিনন্দন ফুটপাত এবং রাস্তার একপাশে ল্যান্ড স্কেপিং ওয়াক ওয়ে সহ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে।"

তিনি বলেন, "চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা বিএনপি সরকারের রয়েছে, তা বাস্তবায়িত হলে এই নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে।

"সেই লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে। বিমানবন্দর এলাকা একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি যাত্রী এই পথ ব্যবহার করেন। তাই এই এলাকায় নান্দনিক, সুপরিকল্পিত ও টেকসই অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি।"

মেয়র শাহাদাত হোসেন বলেন, "উন্নত বিশ্বের বিভিন্ন নগরে সাইকেল লেন নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রামেও ধাপে ধাপে আধুনিক নগর ব্যবস্থাপনা চালু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই নগর উন্নয়নের একটি নতুন অধ্যায় সূচিত হবে।"

সাইকেল ট্র্যাক নির্মাণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত হবে, অন্যদিকে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেন মেয়র।

পতেঙ্গা সমুদ্র সৈকত বর্তমানে চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন।

সৈকত ও বিমানবন্দর সড়ককে সংযুক্ত করে একটি নিরাপদ সাইকেল লেন নির্মিত হলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন।

এতে যানজট কমবে, দূষণ হ্রাস পাবে এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনে নাগরিকরা উৎসাহিত হবে।

সাইকেল ট্র্যাকের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম পর্যায়ে ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত দুই কিলোমিটার অংশে সাইকেল ট্র্যাক নিমার্ণ করা হবে ভিআইপি সড়কের ডান পাশে।

"ট্র্যাকের প্রশস্ততা হবে ১০-১৫ ফুট পর্যন্ত। ট্র্যাকের পাশে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও থাকবে। এছাড়া ট্র্যাকের দু'পাশে  ড্রেন ও ফ্লাওয়ার বেড নির্মাণ করা হবে। সব কাজ শেষ হতে তিন-চার মাস লাগতে পারে।"

মেয়রের পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, যুবদল নেতা হাজী মোহাম্মদ মুছা উপস্থিত ছিলেন।