Published : 01 Sep 2026, 06:47 PM
একই জায়গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষে জড়িয়েছে দলটির দুই পক্ষ।
মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ইটপাটকেল নিক্ষেপও করা হয়। তাতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য পদ বাতিল হওয়া আসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের খবরে বাঁশবাড়িয়া এলাকায় সালাউদ্দিনের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে এক পক্ষ গিয়ে বাঁশবাড়িয়া অবস্থান নিয়েছিল। আমরা তাদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি।”
সংঘর্ষের জন্য উভয়পক্ষ পরষ্পরকে দোষারোপ করছেন।
স্থানীয়রা বলছেন, সীতাকুণ্ড উপজেলায় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য তাদের দুই পক্ষ পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজন করে। পরে দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
দুপুরের দিকে আসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের একটি মিছিল যাওয়ার সময় দক্ষিণ বাইপাস এলাকার হাসান গোমস্তা মসজিদের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়।
কাজী সালাউদ্দিনের অনুসারী সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।”
হামলায় তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন তিনি।
সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করে মহিউদ্দিন বলেন, “আমাদের ওপর হামলার প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় তাৎক্ষণিক মিছিল করে। মিছিলে অনেক লোক সমাগম হয়েছিল। ওই কারণে কিছু সময় গাড়ি চলাচল আটকে যায়। ব্যারিকেড দেওয়া হয়নি।”
অপরদিকে উপজেলা বিএনপির আসলাম অনুসারীদের অংশের সদস্য সচিব মো. মোরসালিন বলেন, “মুনস্টার কমিউনিটি সেন্টারে আমাদের অনুষ্ঠান ছিল। ক্লাব কর্তৃপক্ষ সেটি বাতিল করে দেওয়ায় আমরা অন্য জায়গায় সরিয়ে নিয়েছিলাম। আমাদের অনুষ্ঠানে নেতাকর্মীরা আসার সময় হামলা চালানো হয়।”
হামলায় তাদের পক্ষেরও কয়েকজন আহত হন বলে দাবি করেন মোরসালিন।