Published : 24 Feb 2026, 04:18 PM
চট্টগ্রামের হালিশহরে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের পর আগুন লেগে ৯জন দগ্ধ হবার ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করার কথা জানানো হয়।
কেজিডিসিএল এর মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহ্ম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণগুলো খতিয়ে দেখবে।
অপরদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টায় হালিশহর এইচ ব্লকের 'হালিমা মঞ্জিল' নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন বলে প্রতিবেশীরা জানিয়েছিলেন। এ ঘটনায় দগ্ধ নয়জনের মধ্যে তিনজন মারা গেছেন।
দুর্ঘটনার পরপর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে নয়জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

ঢাকায় আনার পথে ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান। এদিন সকালে মারা যায় রানীর ১৬ বছর বয়সী ছেলে শাওন। এবং শাওনের চাচা সামির।
রানী শতভাগ পোড়া নিয়ে হাসপাতালে এসেছিলেন। আর শাওনের ৫০ এবং সামিরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়।
মৃত রানী, শাওন, সামির ছাড়া দগ্ধ বাকিরা হলেন- রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোটভাই সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০), তাদের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।
এখন চিকিৎসাধীন থাকা পাখি ও সাখাওয়াতের ত্বকে পোড়ার মাত্রা শতভাগ। এছাড়া শিপনের ৮০, আইমানের ৩৮, আনাছের ৩০ ও আয়েশার ৪৫ শতাংশ পুড়েছে।
পেশায় গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন দেড় বছর আগে। সেখানে তিনি দুই সন্তান, স্ত্রী এবং তার গ্যারেজের এক কর্মচারীসহ পাঁচজন থাকেন। কদিন আগে তার ছোট ভাই পরিবার নিয়ে তার বাসায় আসেন ডাক্তার দেখাতে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, ঘরে জমে যাওয়া গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চলে গেলেন আরেকজন, মৃত্যু বেড়ে ৩
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ঢাকায় আনার পথে একজনের মৃত্যু
চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস 'বিস্ফোরণে' দগ্ধ ৯, সবার অবস্থা 'আশঙ্কাজনক'
চট্টগ্রামে হালিশহরে ভবনে ভয়াবহ বিস্ফোরণের সিসিটিভি ভিডিও
সেহরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন সবাই