ফেনসিডিল বহনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দশ বছর আগে চট্টগ্রামে ১১০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি।
দণ্ডিতরা হলেন— মো. দেলোয়ার (৪০) ও রাজা মিয়া (৪০)।
তাদের মধ্যে দেলোয়ার নোয়াখালীর কবিরহাট থানার খেরির দিঘী গ্রামের সিরাজের ছেলে। আর রাজা মিয়া কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাতাচৌ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
“রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৮ এপ্রিল হালিশহর থানা পুলিশ নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। সেসময় একটি খোলা ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় হালিশহর থানার সেসময়ের এসআই জমির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করল।
