Published : 16 Nov 2025, 09:23 PM
চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর টার্মিনাল নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল দুটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার ক্ষেত্রে ‘তাড়াহুড়ো করার ও গোপনীয়তার’ অভিযোগ এনে তা নিয়ে প্রশ্ন তুলেছে বাম গণতান্ত্রিক জোট।
বাম জোট বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের যে তিনটি কাজের কথা বলেছেন, তার বাইরে গিয়ে ‘এখতিয়ার বহির্ভূতভাবে’ চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দিতে ‘উঠেপড়ে লেগেছে’।
রোববার বিকালে চট্টগ্রামে বাম জোটের প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বুধবার লালদিয়ায় আরেকটি কনটেইনার টার্মিনাল নির্মাণ ও তা পরিচালনার দায়িত্ব ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসকে দেওয়ার তথ্য দেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী, যিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডারও চেয়ারম্যান।
শিপিং কোম্পানি মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে এ টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ৩০ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার।
এছাড়া ঢাকার কাছে কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত নৌ টার্মিনালের দায়িত্ব সুইজারল্যান্ডের কোম্পানি মেডলগের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করার খবর এসেছে।
টার্মিনাল ইজারা দেওয়ার সরকারের এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যায়িত করে এই প্রতিবাদ সমাবেশ ডাকে বাম জোট।
সমাবেশে বক্তারা বলেছেন, প্রধান উপদেষ্টা তার সর্বশেষ ভাষণে বলেছিলেন, সরকারের প্রধান কাজ হচ্ছে-জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও যথাসময়ে নির্বাচন আয়োজন। অথচ বন্দর ইজারা দেওয়ার মতো সিদ্ধান্তও সরকার নিচ্ছে।
সভাপতির বক্তব্যে বাসদ-মার্কসবাদীর চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ বলেন, “সন্দেহজনক তাড়াহুড়ো, অনিয়ম ও গোপনীয়তার মাধ্যমে লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের কোম্পানি এপিএমের কাছে ৪৮ বছরের জন্য ইজারা দেওয়া হচ্ছে।”
সরকারের এত তাড়াহুড়ো-গোপনীয়তা জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে দাবি করে তিনি বলেন, “কয়েকদিন আগে নৌপরিবহন উপদেষ্টা বললেন, আমরা স্বাধীনতার এত বছরেও কোনো ‘জাতীয় পোর্ট স্ট্র্যাটেজিক পলিসি’ তৈরি করতে পারিনি, এখন সরকার তা তৈরি করছে। তাহলে আমাদের প্রশ্ন আপনি সে পলিসি তৈরি করুন, তা তৈরির আগে কেন এত তাড়াহুড়ো করে বিদেশিদের লিজ দিতে হচ্ছে?”
সিনেমা প্যালেস মোড়ে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের চট্টগ্রাম জেলা শাখার প্রধান আল কাদেরি জয় ও সদস্য জসিম উদ্দিন।