২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা: বৃদ্ধের ৭ দিনের কারাদণ্ড

“মাটিতে পড়ে ওই বাসাগুলোতে থাকা ২৫টির মত সদ্যজাত বাবুই পাখির বাচ্চা মারা গেছে। আর কিছু পাখির ডিম নষ্ট হয়ে গেছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চট্টগ্রামে ক্ষেতের ‘ধান খেয়ে ফেলার’ অভিযোগে তালগাছ থেকে বাবুই পাখির বাসা কেটে এনে পাখির বাচ্চা ও ডিম নষ্ট করার অভিযোগে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন। 

বুধবার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা বাচা মিয়াকে (৬০) সাত দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। পরে বাচা মিয়াকে কারাগারে পাঠানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাই এক ব্যক্তি বাবুই পাখির বাচ্চা মেরে ফেলেছে। সেখানে গিয়ে দেখি বাচা মিয়া বাবুই পাখির ২৭টি বাসা তাল গাছ থেকে কেটে নিয়ে এসেছে। 

“মাটিতে পড়ে ওই বাসাগুলোতে থাকা ২৫টির মত সদ্যজাত বাবুই পাখির বাচ্চা মারা গেছে। আর কিছু পাখির ডিম নষ্ট হয়ে গেছে।” 

মেহেদী হাসান ফারুক বলেন, “জিজ্ঞাসাবাদে বাচা মিয়া জানায়, পাখিরা তার ক্ষেতের ধান খেয়ে ফেলছে। এলাকার বাসিন্দারা তাকে পাখির বাসা কাটতে বাধা দিলেও তিনি শোনেননি। উল্টো তাদের বলেছেন, কেউ কিছু করতে পারবে না। 

“উনাকে জিজ্ঞেস করলাম, এই ছোট ছোট পাখিরা যদি ধান খেয়েও থাকে তাহলে আপনার কতটুকু ধান খেতে পারবে? এরপর তিনি আমাদের কাছে ভুল স্বীকার করেছেন। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।” 

বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাচা মিয়োকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর কথা জানান ইউএনও।