Published : 04 Apr 2026, 08:13 PM
এক মাসে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক-ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ডিসি পার্ককে একটি আদর্শ, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল পার্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক মাসের মধ্যে পার্কটিতে ৫৪ প্রজাতির মোট ১০ হাজার গাছ রোপণ করা হবে।
“আজ ২ হাজার গাছ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। পার্কের চারদিকে সোনালু ও কৃষ্ণচূড়ায় সাজিয়ে দেব। যখন এই দুই প্রজাতির গাছে ফুল ফুটবে, তখন সুন্দর একটা আবহ সৃষ্টি হবে। উত্তর পাশে ফলের বাগান করতে চাই। যাতে সেখানে বিভিন্ন ধরনের পাখি আসে। পার্কে যারা আসবে তারা যেন সেটাও উপভোগ করতে পারে।”
তিনি বলেন, “এছাড়া উপকূলীয় এলাকার উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ, ঔষধি ও বিরল প্রজাতির গাছ রোপণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ যে একটা প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ, সেটা এই পার্কের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই।

“মানুষ যেন পরিবার নিয়ে নিরাপদে সময় কাটাতে পারে এবং প্রকৃতির সান্নিধ্যে আনন্দ উপভোগ করতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে।”
প্রতিবছর এই ডিসি পার্কে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহে ফুল উৎসবের আয়োজন করা হয়।
সে প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত ফুল উৎসবে ১৪০ প্রজাতির ফুল প্রদর্শিত হয়েছিল। সেই আয়োজন সারা দেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দর্শনার্থীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পার্কের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে তুলে ধরে তিনি বলেন, “নগরায়ন ও শিল্পায়নের ফলে হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।