Published : 16 Aug 2026, 06:52 PM
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে গ্রেপ্তার ১৫ জনের মধ্যে পাঁচ নারী আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।
চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন রোববার বিকালে চট্টগ্রাম আইনজীবী সমিতির জিম্মায় ওই পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন বলে সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীকে আমাদের সমিতির জিম্মায় জামিন মঞ্জুর করেছেন। অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবন থেকে ওই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, তারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন অ্যাডভোকেট উম্মে হাবিবা, মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতীম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবির, আয়েশা হেভেন ও জাকির হোসেন।
পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে উম্মে হাবিবা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, ইস্কান্দার মির্জা হালিশহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক এবং কামেলা খানম রূপা চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।
গ্রেপ্তার যীশু রায় চৌধুরী পেশায় সাংবাদিক এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক।
পুলিশ বলছে, শনিবার আইনজীবী উম্মে হাবিবার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে উপস্থিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
পুরনো খবর-
চট্টগ্রামে বঙ্গবন্ধুর মৃত্যুবাষির্কী পালনে গিয়ে গ্রেপ্তার ১৫ আইনজীবী