১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বঙ্গবন্ধুর মৃত্যুবাষির্কী পালনে গিয়ে গ্রেপ্তার ১৫ আইনজীবী

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে একটি বাসায় জড়ো হওয়া ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবন থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি প্রকাশ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- অ্যাডভোকেট উম্মে হাবিবা, ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারিমিনা ইয়াসমিন শুভ, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতীম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবির, আয়েশা হেভেন ও জাকির হোসেন। 

পুলিশ বলছে, শনিবার এ আইনজীবীরা গ্রেপ্তার উম্মে হাবিবার বাসায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে উপস্থিত হয়েছিলেন। উম্মে হাবিবা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও ইস্কান্দার মির্জা হালিশহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক, কামেলা খানম রূপা চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। এছাড়া যীশু রায় চৌধুরী পেশায় সাংবাদিক ও চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক। 

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি ভবনে তারা ১৫ অগাস্ট পালনের জন্য জড়ো হয়েছিলেন। সেখানে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।”