Published : 27 Mar 2026, 03:03 PM
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে গলায় তসবির দানা বা গুটি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তালহা বিন শহিদ ভূঁইয়া নামের ওই শিশুর গলায় তসবির দানা আটকে যায়। তাতে শ্বাসরোধ হয়ে শিশুটি মারা যায়।
আড়াই বছর বয়সি তালহা উত্তর ভূঁইয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শহিদুল চট্টগ্রাম নগরীতে ব্যবসা করেন। তালহার মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তসবি নিয়ে খেলার সময় অসাবধানতাবশত তালহার গলায় তসবির দানা আটকে যায়। পরে শিশুটিকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
“পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, কিছু একটা মুখে দেওয়ার পর শিশুটির শ্বাস আটকে যায়। পরে জানতে পারি, সেটা তসবি দানা ছিল।”
শুক্রবার সকালে উত্তর ভূঁইয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তালহার দাফন হয়েছে।