চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় বয়ার ধাক্কায় জাহাজ আটকা
কনটেইনরাবাহী জাহাজটিকে উদ্ধারে বন্দরের দুটি টাগবোট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে।
চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় কর্ণফুলী নদীর মোহনায় বয়ার সঙ্গে ধাক্কার পর কনটেইনারবাহী একটি জাহাজ আটকা পড়েছে।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে ধাক্কা লাগার এ ঘটনার পরপর জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আর এগোতে পারেনি। মাল্টার পতাকাবাহী এমভি সিএনসি ইউরেনাস নামের জাহাজটি সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানেই ছিল।
কনটেইনরাবাহী জাহাজটিকে উদ্ধারে বন্দরের দুটি টাগবোট, নৌবাহিনী ও কোস্টগার্ড একযোগে কাজ করছে।
মোহনায় জাহাজটি আটকে পড়লেও তাতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা হয়নি এবং জাহাজ চলাচল স্বাভাবিক থাকার কথা বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি বলেন, সোয়া ২টার দিকে চ্যানেল দিয়ে চলাচলের সময় জাহাজটির স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একারণে জাহাজটি দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পরে প্রতিরক্ষা দেওয়ালের সঙ্গে আটকে যায়।
জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নিতে বন্দরের টাগবোট কান্ডারি-৪ ও কান্ডারি-১১ কাজ করছে তুলে ধরে তিনি বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ডের দলও একসঙ্গে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি বন্দর সচিব।
কনটেইনার বহনকারী এমভি সিএনসি ইউরেনাস দক্ষিণ চীনের শেনজেন বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল।
