১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী ‘খুন’: পালিয়ে যাওয়া ব্যক্তি সিলেটে গ্রেপ্তার

ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব সিলেটের সুরমা থানা এলাকায় ওই ব্যক্তির অবস্থান জানতে পারে।

চট্টগ্রামে স্ত্রী ‘খুন’: পালিয়ে যাওয়া ব্যক্তি সিলেটে গ্রেপ্তার
র‌্যাবের হাতে গ্রেপ্তার হৃদয় মিয়া।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

চট্টগ্রামে স্ত্রী ‘খুনের’ পর পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার সিলেটের সুরমা থানার বাইপাস এলাকা থেকে হৃদয় মিয়া (২৭) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব-৭। স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন চট্টগ্রামের পতেঙ্গা খাল পাড় এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। 

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ”ওই ব্যক্তি তার স্ত্রীকে খুন করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান।”

এতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব সিলেটের সুরমা থানা এলাকায় হৃদয় মিয়ার অবস্থান জানতে পারে। র‌্যাব-৯ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

গত ২৪ এপ্রিল রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার এনামুলের বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে তানজিনা বেগম (২৩) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামীকে খুঁজে না পাওয়ায় তানজিনার ভাই পতেঙ্গা থানায় একটি মামলা করেন।

লাশ উদ্ধারের পর পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, নিচ তলায় স্বামী ও নিজের ভাইসহ ভাড়া বাসায় থাকতেন তানজিনা। তারা সবাই পোশাক কারখানায় চাকরি করতেন। 

“রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘরে তালা দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি এনে বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।”

আরও পড়ুন:

বাসা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধারস্বামীকে খুঁজছে পুলিশ