১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ

“গাড়িতে কোথা থেকে অথবা কারা ইট মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতয়ালী-বাকলিয়া) আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ‘গাড়িতে হামলার’ অভিযোগ উঠেছে। 

নির্বাচনি প্রচার শুরুর দিনে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর কোতয়ালী থানাধীন সিরাজদ্দৌলা রোডের সাব এরিয়াতে প্রার্থীকে বহনকারী প্রাডো গাড়িতে ইট নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন ওয়াহেদ মুরাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিদার মার্কেট এলাকা থেকে আন্দরকিল্লা মোড়ে একটি ঘরোয়া কর্মসূচিতে যাবার পথে সিরাজদ্দৌলা রোডের সাব এরিয়া পার হবার সময় গাড়ির সামনের কাচে কে বা কারা ইট নিক্ষেপ করে। 

“এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই আমরা বিষয়টি থানা পুরিশকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।” 

নগর পুলিশের কোতয়ারী জোনের সহকারী মো. নুরে আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গেছে।

“কিন্তু হামলার প্রাথমিক প্রমাণ পাইনি। তবে গাড়িতে কোথা থেকে অথবা কারা ইট মেরেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ওয়াহেদ মুরাদ অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। 

সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচার শুরু করেছে প্রার্থীরা। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।