১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন ২ জাহাজে বছরে আয় বাড়বে ১৫০ কোটি টাকা: শিপিং করপোরেশন

“প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫ থেকে ৬৬ হাজার টন। একটির নির্মাণ কাজ প্রায় ৯০ শতাংশ; আরেকটির ৫০ শতাংশ শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নতুন দুটি বাল্ক ক্যারিয়ার যুক্ত হচ্ছে।

জাহাজ দুটি বিএসসির বহরে যুক্ত হলে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির সঙ্গে আয়ও বাড়বে বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। 

মঙ্গলবার দুপুরে বিএসসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বিএসসির জাহাজ দুটি কেনার প্রস্তাব এরই মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন পেয়েছে। বিএসসি জাহাজ দুটি কিনছে নিজস্ব অর্থে।

গত জুনে বিএসসি নিজস্ব অর্থায়নে এই দুটি বাল্ক ক্যারিয়ার কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে জানিয়ে মাহমুদুল মালেক বলেন, আটটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা পড়ে তিনটি। যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায়। 

গত ১২ অগাস্ট সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৯৩৬ কোটি টাকায় জাহাজ দুটি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। প্রতিষ্ঠানটি চীনের নেন ইয়াং শিপইয়ার্ড থেকে জাহাজগুলো সরবরাহ করবে।

তিনি জানান, জাহাজ দুটি বহরে যুক্ত হলে বছরে আনুমানিক ১৫০ কোটি টাকা বাড়তি আয় হবে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে, যার মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্যবাহী বাল্ক জাহাজ। 

প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫ থেকে ৬৬ হাজার টন। জাহাজের নির্মাণ কাজের একটির প্রায় ৯০ শতাংশ এবং অন্যটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। 

চুক্তি সইয়ের আগে জাহাজ দুটির অবস্থা দেখতে নৌপরিবহন উপদেষ্টার নেতৃত্বে বিএসসির চার সদস্যের একটি দল ২২ সেপ্টেম্বর চীন সফর করবে।

সংবাদ সম্মেলনে বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ ও সচিব আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।