২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে 'ধর্ষণের শিকার' পোশাক কর্মী

পুলিশ বলছে, নগরীর আউটার রিং রোডে শুক্রবার ১৭ বছর বয়সী ওই পোশাক কর্মীকে ধর্ষণ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 03:02 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

চট্টগ্রামে বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে এক পোশাক কর্মী ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) সব্যসাচী মজুমদার জানান, নগরীর আউটার রিং রোডে শুক্রবার ১৭ বছর বয়সী ওই পোশাক কর্মীকে ধর্ষণ করা হয়। 

এ ঘটনায় মেয়েটির কথিত বন্ধু অটোরিকশা গ্যারেজের মেকানিক মো. সাগরকে (১৯) রোববার এবং অটোচালককে আক্তার হোসেনকে (৩০) সোমবার চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়।

সাগর এবং পোশাক কর্মীর বাসা একই এলাকায় হওয়ায় দুজনের মধ্যে 'সখ্য' ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা সব্যসাচী।

তিনি বলেন, “ঘটনার দিন (শুক্রবার) মেয়েটিকে সঙ্গে নিয়ে সাগার তার পরিচিত চালক আক্তারের অটোরিকশায় করে সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে আকমল আলী পকেট গেইট এলাকায় আউটার রিং রোডে নির্জন স্থানে তারা দুই জন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।” 

সহকারী কমিশনার সব্যসাচী বলেন, ঘটনার পর রাত ১১টার দিকে মেয়েটি বাসায় ফেরেন। একদিন পর মাকে সঙ্গে নিয়ে তিনি থানায় এসে অভিযোগ করেন। তখন পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। 

কিশোরীর অভিযোগের বরাত দিয়ে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, " প্রথমে সাগর মেয়েটিকে ধর্ষণ করে, পরে অটোচালক আক্তার।"

কিশোরীর অভিযোগের পর রোববার ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়ার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি জব্দ করে সাগরকে আটক করা হয়। 

ওসি পাটোয়ারী বলেন, " রোববার সাগরকে আদালতে তোলা হলে সে জবানবন্দিও দিয়েছে। "

ঘটনার পর আক্তার আত্মগোপনে ছিলেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ভোলায় পালিয়ে যাওয়ার সময় হালিশহররে বড় পোল এলাকার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।