Published : 01 Feb 2026, 01:27 AM
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভা হয়েছে।
শনিবার বিকালে নগরীর কাজীর দেউরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই শোকসভা হয়।
রাতে ৮টায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিষয়ে সংবাদমাধ্যমে জানানো হয়।
শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। মাত্র ১০-১১ বছর ক্ষমতায় থাকলেও প্রায় ৩০ বছর তিনি আপসহীনভাবে গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, প্রকৃত অর্থে তিনি দেশের জনগণের নেতা ছিলেন।
“দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করতে গিয়ে স্বৈরশাসকের মিথ্যা মামলায় জুলুম নির্যাতনের শিকার হলেও তিনি ছিলেন আপসহীন। গণতন্ত্র রক্ষায় তার সংগ্রামী মনোভাবের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।”
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাসে এক অনন্য মর্যাদা অর্জন করেছেন।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা এস এম ফজলুল হক ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।