Published : 25 May 2026, 09:41 PM
ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরানোর লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
মেয়র শাহাদাত হোসেন বলেছেন, তিনি নিজে ঈদের দিন দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। বিমান অফিসের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকা থেকে তার পরিদর্শন কার্যক্রম শুরু হবে।
সোমবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক প্রস্তুতি সভায় একথা বলেন মেয়র।
ঈদের দিন দুপুর ২টা থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চালানোর কথা বলা হয় সভায়।
সিটি করপোরেশন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মেয়র বলেন, “নগরবাসী যাতে প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করেন এবং জবাই শেষে সিটি করপোরেশনের সরবরাহ করা পলিথিন ব্যাগে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে রেখে যান, সে বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
“যেখানে সেখানে বর্জ্য পড়ে থাকলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এজন্য পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ করতে হবে এবং তা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তাও নিশ্চিত করতে হবে।”
সভায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ, যান্ত্রিক শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং যান্ত্রিক শাখার প্রকৌশলীরা সভায় বক্তব্য দেন।