১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসসির বহরে যুক্ত হল নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’

জাহাজটি রোববার থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে, বলেন বিএসসির এমডি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 12:10 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হয়েছে নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’।

বৃহস্পতিবার চীনের জিংজিয়াং নানয়াং শিপইয়ার্ডে জাহাজটি বিএসসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

সে অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক উপস্থিত ছিলেন। 

‘এমভি বাংলার নবযাত্রা‘ রোববার থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

এ জাহাজে মোট ২৪ জন ক্রু কাজ করছেন।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর বিএসসির বহরে যুক্ত হয় নতুন কেনা জাহাজ ‘বাংলার প্রগতি’। বাংলার নবযাত্রাসহ বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। 

প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে গত বছর বিএসসির নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামে কোম্পানির কাছ থেকে জাহাজ দুটি কেনার চুক্তি হয়।

এ দুটি জাহাজ চীন থেকে সরবরাহ করা হল। আধুনিক প্রযুক্তির জাহাজ দুটি টানা ২০ বছর সেবা দিতে পারবে বলে মনে করছে বিএসসি।

জাহাজ দুটি কিনতে খরচ হচ্ছে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি টাকার মতো। 

জাহাজ দুটি থেকে বছরে ১৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে বিএসসি।