চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু
এ উদ্যোগের ফলে দাপ্তরিক কাজের প্রচুর কাগজ এবং প্রিন্টিং সংক্রান্ত খরচ বেঁচে যাবে এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত হবে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস)। ফলে এখন থেকে পণ্যের ডেলিভারি অর্ডার (ডিও) আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ শতভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে৷
বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরের সচিব মো. নাছির উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই রূপান্তরের ফলে সামুদ্রিক বাণিজ্য ইকোসিস্টেমে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ ‘পেপারলেস পোর্ট’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। যার ফলে দাপ্তরিক কাজের প্রচুর কাগজ এবং প্রিন্টিং সংক্রান্ত খরচ বেঁচে যাবে এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত হবে।”
২০১১ সাল থেকে চট্টগ্রাম বন্দরে ভেসেল মুভমেন্ট ও কন্টেইনার মুভমেন্ট কার্যক্রম টিওএসের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু ‘পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ না থাকার কারণে এর পরিপূর্ণ সুবিধা পাওয়া এতদিন সম্ভব হয়নি।
আগে শুধুমাত্র ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার (ইডিও) আবেদন এবং ইডিও জেনারেশন এই দুটি ধাপ অনলাইনে সম্পন্ন হত। অবশিষ্ট কার্যক্রম পরিচালনা করা হত ম্যানুয়ালি।
টিওএস চালুর ফলে এখন থেকে অনলাইন ডেলিভারি ডকুমেন্টেশন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে ডিজিটাল টিওএস ইকোসিস্টেমের মধ্যে পরিচালিত হবে বলে তথ্য দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
