Published : 05 May 2026, 07:22 PM
চট্টগ্রামে ক্রিস্টাল মেথ (আইস) বেচাকেনার সময় ‘জামায়াত ইসলামীর’ এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর ষোলশহর ফিনলে স্কয়ার নামে একটি শপিং মলে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তারের তথ্য চট্টগ্রাম মহানগর পুলিশর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- ২৭ বছর বয়সী মো. সাজ্জাদুর রহমান সাকিব ও ২৬ বছর বয়সী মো. আবু ফয়সাল।
সাকিব জামায়াত ইসলামীর ফটিকছড়ি থানার যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক বলে স্থানীয় অনেকেই বলেছে।
তবে ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিনের দাবি সাকিবের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কলেজ জীবনে সাকিব শিবিরের রাজনীতি করতেন। তবে এখন কোনো রাজনীতির সাথে তিনি যুক্ত নন এবং পদপদবীও তার নেই।”
চট্টগ্রাম মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফিনলে স্কয়ারের সপ্তম তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল। এসময় দুই ব্যক্তি কৌশলে সটকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
“পরে তাদের তল্লাশি করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।”
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছেন, ফটিকছড়ির বাসিন্দা ওমান প্রবাসী এক ব্যক্তি আইসগুলো তাদের কাছে পাঠিয়েছেন।