Published : 02 Sep 2026, 01:01 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর সঙ্গে ‘কথা কাটাকাটির জেরে’ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগী ২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৬০), তিনি ওই এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে নিহত আবদুল মান্নানের সাথে প্রতিবেশী মোজাম্মেল নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়েছে।
“এর জের ধরে মোজাম্মেল রাতে আব্দুল মান্নানকে কুপিয়ে জহম করে পালিয়ে যায়।”
স্বজনরা মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মোজাম্মেলকে ধরতে পুলিশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার বেলায়েত।
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিকালে আমার আব্বার জ্যাঠাত ভাইকে ‘গালিগালাজ’ করছিল প্রতিবেশী মোজাম্মেল। তখন বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মোজাম্মেল আমার বাবার শার্টের কলার চেপে ধরে। তখন বাকি প্রতিবেশীরা বিষয়টি মিটমাট করে দেয়।”
মোজাম্মেলের সঙ্গে তাদের পরিবারের আগে ‘কোনো বিরোধ ছিল না’ বলেও দাবি করেন মুন্না।
তিনি বলেন, তার বাবা বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় ওৎ পেতে থাকা মোজাম্মেল ‘ঘাড়ে ও হাতে কুপিয়ে’ জখম করে পালিয়ে যায়।