Published : 31 Aug 2026, 08:09 PM
চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার পরিবারের সদস্যদের দ্বারা হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হাতকড়াসহ ওই আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় রোববার রাতে ওই হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন। এ ঘটনায় অভিযুক্তকে পালাতে সহায়তা করা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি প্রতারণা মামলায় আদালতের পরোয়ানামূলে রোববার রাতে চরণদ্বীপ এলাকায় মো. আলাউদ্দিন নামে ওই আসামিকে ধরতে যায় পুলিশ।
“আলাউদ্দিনকে গ্রেপ্তার করার পর তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। নারীরা পুলিশ সদস্যদের খামচি ও কামড় দিয়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পালানোর চেষ্টা করলেও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছে।”
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার নারীসহ ৬ জানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে আলাদা একটি মামলা হয়েছে। এ মামলায় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য দেন ওসি মোজাফ্ফর।
চরণদ্বীপ ইউনিয়নের স্থানীয়রা বলছেন, প্রতারণা মামলার বাদি প্রবাসী আবদুল মান্নান। অভিযুক্ত মহিউদ্দিন ‘জাদুটোনার’ কাজ করেন। বাদির অভিযোগ, মহিউদ্দিন বিদেশে তাকে লটারি পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর কাছে থেকে বেশ কয়েক লাখ টাকা আত্মসাৎ করে।
পরে মান্নান দেশে এসে মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতারণা মামলা করেন এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মহিউদ্দিনের বাড়ি করলডেঙ্গা এলাকায়। গ্রেপ্তার এড়াতে তিনি চরণদ্বীপে শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাতে মামলার বাদি পুলিশ নিয়ে গিয়েছিলেন মহিউদ্দিনকে ধরিয়ে দিতে।
গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে নিয়ে মহিউদ্দিনকে ধরতে যায় থানা পুলিশ। মহিউদ্দিনকে হাতকড়া লাগানোর পরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। নারীরা পুলিশকে খামচি ও কামড় দিয়ে আহত করে। এ সময় হাতকড়াসহ পালিয়ে যায় মহিউদ্দিন।
গ্রেপ্তার জেবল হোসেন সম্পর্কে মহিউদ্দিনের শ্যালক। পুলিশ জেবলকে আটক করে থানায় নিয়ে যায় এবং চাপ দেওয়ার পর তিনি মহিউদ্দিনের অবস্থান বলে দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।