Published : 28 May 2026, 12:38 PM
বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ভোজ্য তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে 'এমটি মেঘনা ট্রেডার্স' নামে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে নির্বাপনের কাজ শুরু করেন।
কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এ বাহিনীর শ্যামল বাংলা, বিসিজিটি প্রমত্ত জাহাজ ছাড়াও দুটি হাই স্পিড বোট, চট্টগ্রাম বেইজ ও পতেঙ্গা আউট পোস্টের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। জাহাজ থেকে ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার নাসির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা পার্কি বিচের কাছে আউটার অ্যাংকরেজ চার্লিতে 'এমটি মেঘনা ট্রেডার্স 'জাহাজটির ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের টাগবোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেখানে কাজ করছেন।
নাসির উদ্দীন বলেন, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে বাংলাদেশে আসে। গত মঙ্গলবার সেটি চট্টগ্রাম বন্দরের আউটার এংকরেজে পৌঁছায়।