২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ‘পারিবারিক কলহে’ ছোট ভাইকে হত্যার অভিযোগ

চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণার পর তার বড় ভাই আলী হোসেন কৌশলে সটকে পড়েছিলেন, বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘পারিবারিক কলহের জেরে’ ছোট ভাইকে হত্যার অভিযোগ ওঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার বিকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরহগাং মনু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০)। 

এ ঘটনায় পুলিশ তার বড় ভাই আলী হোসেন (৪৪) ও ভাবী ছলিমা খাতুনকে (৪০) আটক করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পারিবারিক তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেনে ও তার স্ত্রী ছলিমার সঙ্গে শাহাদাত হোসেন ও তার স্ত্রী পপি আক্তার ঝগড়ায় জড়ান।

“ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেন গিয়ে শাহাদাতের গলা চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আলী হোসেনসহ পরিবারের অন্যরা মিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”

ওসি বলেন, শাহাদাতকে চিকিৎসক মৃত ঘোষণার পর আলী হোসেন মৃতদেহ রেখে কৌশলে সটকে পড়েছিলেন। পরে পুলিশ আলী হোসেন ও তার স্ত্রীকে আটক করে। 

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, বলেন তিনি।