১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে নির্দেশনা

ঝড়ের বিপদ কেটে যাওয়ায় বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে নির্দেশনা
ফাইল ছবি: সুমন বাবু

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 04:02 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে পড়ায় বিপদ সংকেত কমানোর পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার বিকাল ৩টায় বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেটিতে জাহাজ ফিরে আসতে বলা হয়েছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই জোয়ারে সব জাহাজ জেটিতে ফেরানো সম্ভব না হলে পরের জোয়ারে তা করা হবে।

“বন্দরের অপারেশনাল অন্য কার্যক্রম স্বাভাবিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে লক্ষ্যে কাজ শুরু করেছে বিভিন্ন বিভাগ।" 

এর আগে ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসতে থাকায় ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ার পর সোমবার সকালে নিজস্ব সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৪ জারি করেছিল চট্টগ্রাম বন্দর। 

এতে করে চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড়ে বন্দর, জাহাজ ও পণ্যের ক্ষয়ক্ষতি এড়াতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বন্দর কর্তৃপক্ষের প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুসারে, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে প্রথম পর্যায়ের সতর্কতা অ্যালার্ট-১ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সংকেত জারি করলে বন্দর অ্যালার্ট-২ জারি করে। বিপদ সংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৩ জারি করা হয়। বিপদ সংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট-৪ জারি করা হয়। 

এর আগে শনিবার রাতে বন্দরের দ্বিতীয় মাত্রার সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৩ জারি করা হয়। তখন বন্দরের জেটিতে যেসব কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ছিল, সেগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল তখনই। 

রোববার সন্ধ্যার পর থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় রেমাল। 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে।

আবহাওয়া অফিস বলছে, উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর স্থল নিম্নচাপটি সোমবার সকাল ১০টার দিকে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এটি আরো উত্তরপূর্ব দিক অগ্রসর হয়ে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে এবং পরে লঘুচাপে পরিণত হবে। এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

ঝড়ের বিপদ কেটে যাওয়ায় বন্দরের জন্য সংকেতও কমিয়ে এনেছে আবহাওয়া অফিস।

পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

আরও পড়ুন

ঘূর্ণিঝড়: চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ