Published : 01 Jul 2026, 09:40 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতলেও ঋণ খেলাপির দায়ে সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর সড়কে গাছ কেটে বিক্ষোভ-অবরোধের ঘটনায় মামলা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বুধবার সওজের এক কর্মকর্তা মামলায় কারো নাম তুলে না ধরে ৭০-৮০ জনকে আসামি করেন বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন তথ্য দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সড়কের পাশে বড় গাছ কেটে অবরোধের ঘটনায় মামলাটি করা হয়েছে। এ মামলায় সন্দেহভাজন হিসেবে মো. হারুন নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঋণ খেলাপির দায়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার চট্টগ্রাম-৮ আসনে জয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে। এর ফলে আসলাম চৌধুরী আর এমপি হিসেবে শপথ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।
আদালতের সিদ্ধান্তের পর মঙ্গলবার বিকালে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন আসলামের অনুসারীরা। উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও বিভিন্নভাবে সড়ক অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল থেমে যায়।
আসলামের প্রার্থিতা বাতিল: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ