১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চবির ছাত্রাবাসে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত ঘোষণা

“সকালে ঘুম থেকে উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নিয়ে যাই।”

চবির ছাত্রাবাসে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত ঘোষণা
জীবক চাকমা

বিডিনিউজ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 05:20 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ গুণালংকার বৌদ্ধ ছাত্রাবাসে জীবক চাকমা নামের এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমরা অসুস্থতার খবর পেয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই। সেখানে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”

জীবক চাকমা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমার ছেলে। জীবক বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডায় ছাত্রাবাসের ৭ নম্বর কক্ষে থাকতেন। 

সহপাঠী সাজাই চাকমা বলেন, “আগামীকাল রাতেও আমরা একসাথে খাবার খেয়েছিলাম। জীবক খুব নিয়ন্ত্রিত জীবনযাপন করত। তবে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে নিয়ে যাই। 

“পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামী মঙ্গলবার থেকে তার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।”

বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এদিন সকাল পৌনে ৮টার দিকে জীবককে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। 

“তাৎক্ষণিকভাবে রোগনির্ণয় করা সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল্লাহ হোসেন বলেন, “জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে সকাল ৯টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।”