২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে নাগরিক সক্রিয়তার ডাক

“জেন্ডারভিত্তিক সহিংসতার মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উচ্চহার সমাজে বিদ্যমান বৈষম্য ও গণতন্ত্রহীনতার প্রমাণ দেয়।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

দেশে জেন্ডারভিত্তিক সহিংসতার মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে নাগরিকদের নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে এক অনুষ্ঠান থেকে। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয়। 

‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’–এই প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ উপলক্ষে বুধবার সকালে নগরীর শিশু একাডেমি সংলগ্ন কারিতাস-বাংলাদেশের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালি শেষে কারিতাস কার্যালয়ে আয়োজিত আলোচনা পর্বে সভাপতির বক্তব্যে বিএনপিএস এর চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ বলেন, “আজ বাংলাদেশসহ বিশ্বে যেসব সহিংসতার ঘটনা ঘটছে তার প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর জেন্ডারভিত্তিক সহিংসতার মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উচ্চহার সমাজে বিদ্যমান বৈষম্য ও গণতন্ত্রহীনতার প্রমাণ দেয়। 

“এ ধরনের সমাজ কারো কাছেই কাঙ্ক্ষিত নয়। আমরা চাই বাংলাদেশ ক্রমশ হয়ে উঠবে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, জাতি, ধর্ম, গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে সমানভাবে সকল মানুষের। প্রত্যেক নারী ও মেয়ে শিশুর জীবন হয়ে উঠবে নির্যাতন মুক্ত ও আনন্দময়। এ লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা পর্বে বক্তব্য দেন বিএনপিএস উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কর্মসূচি সংগঠক তপন কান্তি দে, তানজিনা নূর, বিপ্লব দাশ, ক্লাস্টার কমিটির সদস্য নাছিমা বেগম, যুব সংগঠনের সদস্য মো. ইমরান, শান্তা ইসলাম ও হুমায়রা তানহা।