Published : 22 Apr 2026, 10:25 PM
চট্টগ্রামের পাঁচলাইশে সরকারি আবাসিক ভবনের লিফটে দেড় ঘণ্টা আটকে থাকার পর এক কিশোরকে উদ্ধার করার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
স্কুল থেকে বাসায় না ফেরায় খুঁজতে গিয়ে ১৩ তলা ভবনটির লিফটে ওই কিশোরের সন্ধান পান স্বজনরা। পরে ৯৯৯ এ তাদের ফোন পেয়ে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
পাঁচলাইশ থানা এলাকা সরকারি আবাসিক ভবন 'হালদা'র নিচতলা থেকে মঙ্গলবার বিকাল ৪টার দিকে নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের লিডার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারিগরী ত্রুটির কারণে ওই ছাত্র লিফটের ভেতর আটকে পড়েন। ৯৯৯ এ সংবাদ পেয়ে আমাদের একটি দল গিয়ে তাকে উদ্ধার করি।
তিনি বলেন, ওই ছাত্রকে উদ্ধার করে তার মা-বাবার হেফাজতে দেওয়া হয়েছে।
ওই কিশোরের মা-বাবা দুইজনই পেশায় সরকারব কর্মকর্তা। তারা ওই ভবনে সরকারি বরাদ্দের বাসায় থাকেন।
তার বাবা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার খোঁজ না পেয়ে চাকরি থেকে বাসায় ফিরে খুঁজতে থাকি। পরে নিচতলায় একটি লিফট আটকে থাকতে দেখে সন্দেহ হয়।
তিনি বলেন, লিফটের দরজায় বাইরে থেকে ধাক্কা দিতেই অপর পাশ থেকে সাড়া দিলে ৯৯৯ এ ফোন দিই। ফায়ার সার্ভিস এসে লিফট থেকে ছেলেকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, তার ছেলে লিফটে দেড় ঘণ্টার মতো আটকে ছিল। আটকে থাকায় সে কিছুটা ট্রমার মধ্যে পড়েছে। তার শ্বাসকষ্টের সমস্যা আছে। ভেতরে ফ্যানও কাজ করেনি। লিফটের ভেতর ইন্টারকমও ছিল না।
“ভবনটিতে দুটি লিফট থাকলেও প্রায় নষ্ট থাকে। জরুরি অ্যালার্ম থাকলেও সেটি নষ্ট। এসব ঠিক থাকলে হয়তো এ সমস্যা হতো না।”