১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষায় অসুস্থ দুই শিক্ষার্থী, মেডিকেল সেন্টারেই পরীক্ষা

“না খেয়ে থাকার কারণে এবং রাতের পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। 

তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়; পরে সেখানেই বসে তারা পরীক্ষা দিয়েছেন।

শনিবার সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর ওই দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একাধিকবার বমি করেন।

অসুস্থ শিক্ষার্থীদের একজন কোহিনূর আক্তার। তার পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ; আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল শহীদ হৃদয় তরুয়া ভবন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, “খাবার না খাওয়া এবং রাতের পর্যাপ্ত ঘুমের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অতিরিক্ত বমির কারণে তাদের বমি প্রতিরোধক ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তারা মেডিকেল সেন্টারেই পরীক্ষায় অংশ নিচ্ছেন।”

অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা শুরু হয় শুক্রবার।

‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি, ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।