২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, ২ পুলিশ সদস্য বরখাস্ত

“গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

চট্টগ্রামে ‘টাকা না পেয়ে’ আটক করা ব্যক্তিকে ‘ইয়াবা দিয়ে ফাঁসানোর’ অভিযোগ ওঠা গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে এসআই মো. মহসিন ও কনস্টেবল আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ- কমিশনার আবু বক্কর সিদ্দিক। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে দুই পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। যেহেতু অভিযোগ উঠেছে এবং বাহিনী শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে; তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

“আদালতে মামলা হয়েছে, সে মামলাটির তদন্ত করবে সিআইডি। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।”   

সোমবার চট্টগ্রাম আদালতে এসআই মহসিন ও কনস্টেবল আজাদের বিরুদ্ধে মামলা করেন ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ জুলাই বিকালে তার খালাত ভাই মো. জাকিরকে নগরীর কদমতলী মোড় থেকে পুলিশ ধরে নগরীর মনসুরাবাদে গোয়েন্দা বিভাগের বন্দর অঞ্চলের কার্যালয়ে নিয়ে যায়।

সেখানে জাকিরেরর কাছ থেকে ‘দুই লাখ টাকা’ দাবি করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয় বলে বাদীর ভাষ্য। 

মামলার এজাহারে বলা হয়, জাকিরের স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করবেন জানিয়ে সে রাতে ফিরে যান সাবিনা। পরদিন আবার ওই কার্যালয়ের সামনে গিয়ে এত টাকা দিতে পারবেন না বলে পুলিশের দুই সদস্যকে জানান।

টাকা না পাওয়ায় ‘৪০০ ইয়াবা উদ্ধারের’ অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় মামলা দিয়ে ২৩ জুলাই জাকিরকে আদালতে পাঠানো হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।