১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে নামেনি, ওড়েনি ২৫ উড়োজাহাজ

চট্টগ্রাম ছেড়েছে মাস্কাট, জেদ্দাগামী দুইটি ও নেমেছে মাস্কাট থেকে আসা দুই ফ্লাইট।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহ আমানতে নামেনি, ওড়েনি ২৫ উড়োজাহাজ
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 11:19 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে সোমবার সকালে ওমানের মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট ফের যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়েছে। 

শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধ শুরু হওয়ায় শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বর্হিগমন ও আগমনী মিলিয়ে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

সেগুলো মধ্যে মধ্যে শনিবার ৬টি, রোববার ১৪টি ও সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

রোববার রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ও সোমবার সকালে ওভি-৪০১ ফ্লাইট দুটি মাস্কাট থেকে চট্টগ্রাম এসেছে এবং সোমবার সকালে একই এয়ার লাইন্সের ওভি-৪০২ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে গেছে।

শনিবার সারাদিন বন্ধ থাকার পর রোববার বিকালে বিমান বাংলাদেশের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকাল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে শনিবার সকাল থেকে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গেছে। ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইসরায়েলের আকাশসীমাও। হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে।

ইব্রাহীম বলেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোরা যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলোকে ফ্লাইট শিডিউল সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য যে সব যাত্রী বিমানবন্দরে এসেছিলেন তাদেরকে পরবর্তী সময়সুচি না জানানো পর্যন্ত বাড়িতে থাকার কথাও বলা হয়েছে।