Published : 25 Jul 2026, 10:04 PM
চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনে ১৩৫ টন বর্জ্য অপসারণের তথ্য দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার সকালে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
পরে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সরকারি বিভিন্ন ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের আঙিনা ও ছাদে এবং আইনজীবী ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পরিচ্ছন্নতা অভিযানের আওতায় রয়েছে ১৩১টি সরকারি দপ্তরের ৪১৬টি ভবন, আটটি সরকারি আবাসিক এলাকার ১০৮টি ভবন, উপজেলা পর্যায়ের ৪০৬টি ভবন এবং ২ হাজার ২৯৫টি বিদ্যালয়। সব মিলিয়ে ৩ হাজার ২২৫টি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব ভবন ও বিদ্যালয়ের ছাদ, আঙিনা ও আশেপাশের জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলাজুড়ে একযোগে চালানো এ অভিযানে অংশ নেন প্রায় ৬ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা কারও ওপর চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক এটি করাতে চাই না। আমরা পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে চাই।
“প্রতি শনিবার কোথা থেকে কী পরিমাণ ময়লা অপসারণ ও সংগ্রহ করা হল, তার প্রতিবেদন নেওয়া হবে। একই সঙ্গে ভবনের আগের চিত্র কী ছিল এবং পরিচ্ছন্নতার পর কী পরিবর্তন হল, সেই ছবিগুলোও আমরা সংগ্রহ করছি। সে অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
দিনের কর্মসূচির শুরুতে যে শোভাযাত্রা হয়েছে, তাতে অন্যদের মধ্যে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।