Published : 07 Jul 2026, 06:09 PM
চট্টগ্রামে অতি ভারি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; আহত হয়েছেন নারী শিশুসহ দুজন।
মঙ্গলবার দুপুরে পাঁচলাইশের রহমান নগরের ‘বি ব্লকের’ ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩২)। আহতরা হলেন, মর্জিনা বেগম (৫৫) ও দেড় বছরের শিশু সাইফা আক্তার।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতি বৃষ্টির কারণে রহমান নগর এলাকায় দেয়াল ভেঙ্গে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের প্রতিবেশী আনিসা আক্তার বলেন, সেখানে একলাইনে সেমিপাকা ৮ থেকে ১০টি ঘর আছে। বিকালে হঠাৎ কয়েকটি ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে যায় এবং ঘরে থাকা লোকজন হতাহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৫টার দিকে মর্জিনা ও সাইফাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মর্জিনাকে ২ নম্বর ওয়ার্ডে ও শিশুটিকে ৮৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। সোমবার দিনভর বৃষ্টির পর রাতে থেকে মঙ্গলবার পর্যন্ত হচ্ছে মুষলধারে।
মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ১৯৮৩ সালের ৪ অগাস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
তে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর কে ও এল ব্লক, রামপুর, তিন পোলের মাথা, বাটালি রোডসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতার কারণে সকাল থেকে বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যা দেখা গেছে খুবই কম। নগরীর কয়েকটি স্কুলের ক্লাস ও পরীক্ষা ‘বৈরী আবহাওয়ার’ কারণে স্থগিত ঘোষণা করা হয়।
২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা বৃষ্টিপাত বলা হয়। ১১ থেকে ২২ মিলিমিটারের মধ্যে থাকলে ধরা হয় মাঝারি বৃষ্টিপাত। মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয় ২৩ থেকে ৪৩ মিলিমিটারের মধ্যে থাকলে।
২৪ ঘণ্টায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি ঝরে, তখন সেটাকে বলা হয় ভারি বৃষ্টিপাত। আর ৮৮ মিলিমিটার ছাড়িয়ে গেলে সেটা হয়ে যায় অতি ভারি বৃষ্টিপাত। সে হিসাবে, চট্টগ্রামে গেল ৩৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।
আরো পড়ুন-
চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, তলিয়েছে বহু এলাকা