২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যাকাণ্ডের ২৮ বছর পর একজনের যাবজ্জীবন

মামলাটিতে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও পরবর্তীতে ছয়জন মারা যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি দরবারে ২৮ বছর আগে একজনকে হত্যার মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে; সেইসঙ্গে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন আরেক আসামি।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন-অর-রশিদ মঙ্গলবার পুরনো এ মামলার রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ড পাওয়া শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আর পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া মোহাম্মদ ইকবাল পলাতক। অপরদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় রায়ে চার আসামি খালাস পেয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মইনুল হোসেন সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। সত্তরোর্ধ্ব বয়স হওয়ায় সেই বিবেচনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন। অপর আসামি ইকবাল পলাতক।”

তিনি বলেন, “মামলার মোট ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। দীর্ঘ ২৮ বছর ধরে মামলার কার্যক্রম চলেছে। ছয়জন আসামি মারা গেছেন। বাকি ছয়জনের মধ্যে দুজনের সাজা হয়েছে। মামলার বাদী মো. শাহেনশাহ ভুঁইয়াও বয়সজনিত কারণে অসুস্থ।”

মামলার নথি অনুযায়ী, ১৯৯৭ সালের ২ মার্চ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামে ‘আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়ার’ ওরশ ছিল। তার আগের দিন দরবারটি দখলে শেখ মোহাম্মদ তৈয়বুল্লাহার নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। সেসময় সেখানে উপস্থিত ওই দরবারের ভক্ত ঢাকার ডেমরার বাসিন্দা ইব্রাহিম হোসেন রিপন মাথায় গুলিবিদ্ধ হন। এ ছাড়া মুরিদ মো. সবুজও গুলিবিদ্ধ হন। আহত হন আরও কয়েকজন। 

এ ঘটনায় দরবারে মূসাবীয়ার এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মো. শাহেনশাহ্ ভূঁইয়া মামলা করেন। পরে ২০০২ সালের ৩ অক্টোবর ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় ১৫ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় দিল আদালত।