১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হচ্ছে ‘ক্ষুদেদের ম্যারাথন’

ম্যারাথনে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করবে, বলা হয় সংবাদ সম্মেলনে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চট্টগ্রামে ‘ক্ষুদেদের ম্যারাথন’ আয়োজন করতে যাচ্ছে ফুলকি সহজপাঠ বিদ্যালয়। 

শুক্রবার ভোর সোয় ৬টায় নগরীর সিআরবি এলাকায় এ ম্যারাথন হবে।

বৃহস্পতিবার নগরীর নন্দনকাননে ফুলকি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ফুলকি ট্রাস্টের সম্পাদক ওমর কায়সার বলেন, “১৯৭৬ সালে ফুলকির পথচলা শুরু। ২০২৫ হলো ফুলকির ৫০ বছরে পদার্পণের বছর- সুবর্ণজয়ন্তী বর্ষ। 

“২০২৬ হবে ফুলকির ৫০ বছর পূর্তি বছর। এ উপলক্ষে সারা বছর নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

ম্যারাথনে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করবে জানিয়ে ওমর কায়সার বলেন, “মাসব্যাপী ক্ষুদে দৌড়বিদরা এই ম্যারাথানের জন্য নিবন্ধন করে। ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোররা এতে অংশ নেবে।”

চট্টগ্রামে শিশু-কিশোরদের জন্য এ ধরনের আয়োজন এটাই প্রথম বলে দাবি করেন তিনি।

‘শিশুবান্ধব পৃথিবী হোক সবার’ স্লোগানের এ ম্যারাথনে উপস্থিত থাকবেন এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলকির সভাপতি সাংবাদিক আবুল মোমেন এবং ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন।

ক্ষুদেদের ম্যারাথন আয়োজনে সহযোগিতা করছে এসএমসি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।