Published : 08 May 2026, 09:49 AM
সৌদি আরব থেকে দেশে আসা অপরিশোধিত জ্বালানি তেল যুক্ত হয়েছে ইস্টার্ন রিফাইনারিতে। এর মধ্য দিয়ে ক্রুড অয়েল সংকটে ‘প্রায় বন্ধ’ থাকা রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগারটি ফের উৎপাদনে ফিরেছে।
শুক্রবার সকাল ৮টা থেকে ইস্টার্ন রিফাইনারির বিভিন্ন ইউনিটে উৎপাদন শুরু হয়ে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত।
তিনি সকাল ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। এরপর সকাল ৮টা থেকে আমরা উৎপাদন কার্যক্রম শুরু করেছি।”
আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে পুরোদমে উৎপাদনে যাওয়া সম্ভব হবে জানিয়ে ইআরএল এমডি বলেন, উৎপাদন প্রক্রিয়া চালুর সঙ্গে সঙ্গে জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসও চলবে।
ইআরএলের এক কর্মকর্তা জানান, শুরুতেই উৎপাদন পূর্ণমাত্রায় না হলেও তা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
মধ্য এশিয়ায় যুদ্ধ শুরুর পর দেশে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে না পারায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। যুদ্ধ শুরুর আগে গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল।
এর মধ্যে এক লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ বুধবার দুপুরে কুতুবদিয়া চ্যানেলে আসে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েল সাগরপথে জাহাজে করে এনে পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। এর বার্ষিক শোধন ক্ষমতা প্রায় ১৫ লাখ টন।
ক্রুড অয়েল শোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল, ন্যাপথা, বিটুমিন, এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করছে ইস্টার্ন রিফাইনারি। তবে ডিজেলই উৎপাদন করে সবচেয়ে বেশি।
বিপিসির হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে তাদের বার্ষিক উৎপাদন ছিল ১৫ লাখ ৩৩ হাজার ১৪০ টন। এর মধ্যে ডিজেল উৎপাদন হয়েছে সর্বোচ্চ ৬ লাখ ৪৮ হাজার ৬১২ টন।
দেশে ডিজেলের চাহিদা বছরে গড়ে ৪০ থেকে ৪২ লাখ টন। চাহিদার বাকি অংশ পরিশোধিত তেল আমদানি করে মেটানো হয়।
গত অর্থবছরে ইস্টার্ন রিফাইনারিতে পেট্রোল মিলেছে ৫৯ হাজার ১৫০ টন (চাহিদা সাড়ে ৪ লাখ টনের মত), ফার্নেস অয়েল ৩৭ হাজার ১৪৭ টন, ন্যাপথা ১ লাখ ৫৩ হাজার ২০৩ টন। তবে অকটেন উৎপাদন হয়নি।
শোধনের পর বিভিন্ন ধরনের জ্বালানি তেল বিপিসির তেল বিপণনকারী সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। উপজাত হিসেবে পাওয়া ন্যাপথা দেশের কয়েকটি বেসরকারি রিফাইনারি কিনে নিয়ে ব্যবহার করে।
সৌদি থেকে তেল নিয়ে জাহাজ এসেছে, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি