২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাঙ্গুনিয়ায় সাংবাদিক মারধর: আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার ‘আল্টিমেটাম’

একটি ‘অবৈধ’ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক।

রাঙ্গুনিয়ায় সাংবাদিক মারধর: আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার ‘আল্টিমেটাম’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকালে সমাবেশ করে সিইউজে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 05:28 PM

Updated : 27 Dec 2022, 05:28 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে বলা হয়, ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দেবে।

সিইউজে সভাপতি তপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশ থেকে প্রধান আসামি ইসলামপুর ইউপির সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রোববার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম অফিসের রিপোর্টার আবু আজাদ হামলার শিকার হন।

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মঘাছড়ি এলাকায় ‘রাস্তার পাশে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার’ ছবি তুলেছিলেন; এ সময় মোহন লোকজনসহ ‘অস্ত্র ঠেকিয়ে’ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আজাদের।

পুরনো খবর:

রাঙ্গুনিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

মারধরের পর তাকে ১০০ টাকা দিয়ে রাঙামাটির বাসে তুলে দেওয়া হয়; সেখানে হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গুনিয়া থানায় মোহনকে প্রধান আসামি করে মামলা করেন আবু আজাদ। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম, ইট ভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরান নামে তাদের এক সহযোগীকে আসামি করা হয়।

এদিকে মামলার পর সোমবার রাতেই কাঞ্চন তুরিকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান।

সিইউজে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।