চট্টগ্রামে তারেকের জনসভাস্থলের ১৮টি মাইকের যন্ত্রাংশ চুরি
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে জনসভার সাউন্ড সিস্টেম সরবরাহকারী কোম্পানি রাজ সাউন্ড।
চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের ১৮টি মাইকের যন্ত্রাংশ চুরি গেছে।
জনসভার আগেরদিন শনিবার রাতে ১৮টি মাইক ও কিছু তার চুরি হয়। রোববার দুপুরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে জনসভার সাউন্ড সিস্টেম সরবরাহকারী কোম্পানি রাজ সাউন্ড।
ঢাকার এ কোম্পানি পলোগ্রাউন্ড মাঠের পুরো জনসভাস্থল এবং আশেপাশের এলাকায় মোট দুইশ মাইক লাগিয়েছিল।
রাজ সাউন্ডের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলোগ্রাউন্ড সংলগ্ন রেললাইন এবং টাইগারপাস এলাকায় মোট ১৮টি মাইকের ‘ইউনিট’ ও তার চুরি গেছে।
মাইকের হর্নের পেছনের ছোট অংশটিকে ইউনিট বলা হয়। ওই যন্ত্রটির মাধ্যমে শব্দ সরবরাহ হয়ে থাকে।
আবদুর রাজ্জাক বলেন, “রোববার সকালে বিষয়টি জানার পর আমরা নতুন করে ইউনিট স্থাপন করি।”
কোতোয়ালি থানার ওসি আফতাব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এ ঘটনা তদন্ত করছেন।
তারেক রহমানের জনসভা উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠ এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পুলিশ। মাঠের আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো এবং অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছিল।
