Published : 23 Aug 2022, 05:55 PM
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড সংলগ্ন জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে প্রশাসনের অভিযানের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।
ওই এলাকার হাজারখানেক লোক মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে মহাসড়কের ফৌজদারহাট বিআইটিআইডি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করলে অল্প সময়ের মধ্যে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ছুঁড়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষেও জড়ায়।
জঙ্গল সলিমপুর এলাকায় খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, নাইট সাফারি পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বিভিন্ন অংশে টানা উচ্ছেদ অভিযান চালানো হয়। এর প্রতিবাদেই এদিন রাস্তায় নামে স্থানীয়রা।
আন্দোলনকারীদের দাবি, জঙ্গল সলিমপুর এলাকায় উচ্ছেদ করা বসতিতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেই জমি তাদের সরকারিভাবে বন্দোবস্ত দিতে হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, স্থানীয়রা প্রথমে বেলা ১২টার কিছু আগে বায়েজিদ লিংক রোডের এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে। পরে তারা ফৌজদারহাট এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
চার লেইনের মহাসড়কের দুই পাশই অবরুদ্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম অবরোধস্থলে যাওয়ার জন্য রওনা হয়েও যানজটে আটকা পড়েন।
অবরোধ শুরুর পরপরই পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের অবরোধ উঠিয়ে নিতে বলেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিক্ষোভকারীদের সাথে কথা বলছি, দাবি বিবেচনার আশ্বাস দিয়েছি। এখন তারা নিজেদের মধ্যে কথা বলছে। আশা করি দ্রুতই সুরাহা হবে।”
কিন্তু তারপর আরও দুই ঘণ্টা পেরিয়ে গেলেও অবরোধকারীরা না সরায় বিআইটিআইডি মোড়ের কাছে পুলিশ তাদের ধাওয়া দেয়। স্থানীয় ছাত্রলীগ কর্মীদেরও এসময় পুলিশের সঙ্গে দেখা যায়।
পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষোভকারীদের একাংশ বায়েজিদ লিংক রোডের দিকে চলে গেলেও আরেকটি অংশ সংঘর্ষে জড়ায়। তারা পুলিশের দিকে ঢিল ছুঁড়তে শুরু করলে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর পর বেলা পৌনে ৫টায় মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।